মোঃ মাহাবুল ইসলাম অভি, গাজীপুর প্রতিনিধি
রবিবার (১৫ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রমিকের মৃত্যুর গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে, যার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ট্রপিক্যাল ও এপেক্স লেন্জারী নামের দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার সকালে কারখানায় গুজব ছড়িয়ে পড়ে যে, আহতদের মধ্যে একজন শ্রমিক মারা গেছেন। এই খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার অদূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “শ্রমিকরা একটি গুজব ছড়িয়ে আন্দোলন করছে। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।”