নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, রাত ৯টা ২৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভূরাজনৈতিক অস্থিরতা কাটিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে পোশাক খাত থেকে ১ হাজার ৫৪ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার আয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, মোট রপ্তানি আয়ের ৮০ দশমিক ৭৯ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে নিট পোশাক থেকে ৫৯৪ কোটি ৪০ লাখ ডলার এবং ওভেন পোশাক থেকে ৪৬০ কোটি ১১ লাখ ৬০ হাজার ডলার আয় হয়েছে। গত বছরের তুলনায় নিট পোশাক রপ্তানি ৭ দশমিক ০২ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ৫ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট পোশাক রপ্তানির ৭২ দশমিক ১১ শতাংশ আয় এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়াম—এই ৯টি দেশ থেকে। আলোচ্য তিন মাসে এসব দেশে ৭৬০ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২২১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে ৩৭৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ডলার ব্যয়ের পর এ খাতের নিট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬৭৭ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। আগের প্রান্তিকের তুলনায় নিট আয় বেড়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ। মোট পোশাক রপ্তানি আয়ের ৬৪ দশমিক ২০ শতাংশই ছিল নিট আয়।
চ্যালেঞ্জ ও করণীয়
প্রতিবেদনে বলা হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক চাহিদার অনিশ্চয়তা এবং নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পোশাক খাতের জন্য বড় ঝুঁকি। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রপ্তানি বাজারের বহুমুখীকরণ, উচ্চ মূল্য সংযোজিত পোশাক উৎপাদন এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।