নরসিংদী প্রতিনিধি। নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাদের মা ও বাবা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার কর্তাতৈল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিব মিয়াকে (২০) মৃত ঘোষণা করেন। তার ভাই রাকিবকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
নিহতদের স্বজনদের দাবি, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা চাইছিল। নিহতদের পরিবার বিদেশে লোক পাঠানোর কাজ করত। চাঁদার দাবি না মানায় দুর্বৃত্তরা ঈদের দিন সাকিব ও তার বন্ধুদের উপর অতর্কিত হামলা চালায়।
এই হামলার খবর পেয়ে সাকিবের ভাই রাকিব, মা রাবেয়া খাতুন ও বাবা আশরাফ উদ্দিন ঘটনাস্থলে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পরিবার দাবি করছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।