টাঙ্গাইল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের পাশে ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতের মুখে কাঁদা মাখানো ছিল, একটি কান কাটা ছিল এবং নাক-মুখ থেকে রক্ত ঝরছিল। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ফজিলা বেগমের পরিবার জানায়, শুক্রবার রাত ৩টার দিকে তার মেয়েরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তখন ঘরের দরজা ও জানালা বন্ধ ছিল। পরদিন সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে খুঁজতে বের হলে বাড়ির পাশের ধান খেতে তারা ফজিলার লাশ দেখতে পান। তখন তার মুখে কাঁদা লাগানো ছিল।
পরিবারের সদস্যদের দাবি, কোনো সংঘবদ্ধ চক্র তাকে হত্যা করে তার গলায়, কানে ও হাতে থাকা স্বর্ণালঙ্কার লুটে নেয়।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার কারণ ও প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।