তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার সকালে পুলিশ নাউলী গ্রামের একটি ঘেরের পাড় থেকে হাসান শেখের মৃতদেহ উদ্ধার করেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হাসানের বড় ভাই মুন্না শেখ জানান, দীর্ঘ ৮বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছে হাসান। দেশে ফিরে ২মাস আগে সে ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমকে বিয়ে করে। প্রতিদিনের মতো বন্ধুদের সাথে গভীররাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলো সে। রোববার ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাসানের মৃত দেহটি উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের বাসিন্দা সাগর, জামিল, চঞ্চল নামের তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত হাসানের বড় ভাই মুন্না আরো জানান, আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীররাত পর্যন্ত বাহিরে আড্ডা দিতো। বন্ধুদের পিছনে প্রচুর টাকা নষ্ট করতো। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিলো। মাদকের কারণে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিধীন।