নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঘিরে উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি ও ধর্মীয় আয়োজন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (১৬ আগস্ট) সকালে গীতাপাঠ ও বিশেষ পূজার মাধ্যমে উৎসবের সূচনা হয়। উপজেলার রাধা-গোবিন্দ মন্দির, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনীর বিভিন্ন মন্দিরে হাজার হাজার ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা, আরতি, কীর্তন ও দীপ প্রজ্জ্বলন করা হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় শিশু-কিশোর ও তরুণরা, অনেকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে উপস্থিত হয়ে ভক্তদের মন জয় করে নেয়। মন্দির প্রাঙ্গণে ছিল ধর্মীয় আলোচনা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। তাঁর জীবন ও উপদেশ আজও আমাদের পথ দেখায়।”
জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডক্টর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর-বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু পরিষদ, হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
উৎসব উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যেন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।