ফরিদপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় কুমার নদে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিও নদীতে তলিয়ে যান।
নিহতরা হলেন—ওই গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬৫) এবং তার দুই নাতি প্রথম শ্রেণির শিক্ষার্থী তৌসিফ (৬) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোয়াদ (৭)। নিহত দুই শিশু চাচাতো ভাই।
সন্ধ্যায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় মালেকা বেগম ও তৌসিফের মরদেহ উদ্ধার করেন। তবে নিখোঁজ ছিল সোয়াদ। শুক্রবার সকাল আটটার দিকে স্থানীয়রা নদীতে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইমাম-মুয়াজ্জিন ও প্রতিবেশীরা মরদেহ উদ্ধারে সহায়তা করেন। বাদ জুমা চৌধুরী বাজার জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, সমাজসেবক শাহিদ আল ফারুক এবং এনজিও একেকে’র উপপরিচালক বিএম আলাউদ্দীন শোকাহত পরিবারকে সান্ত্বনা জানান।