নেত্রকোণা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নেত্রকোণার কেন্দুয়ায় এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। সিফাত কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদরাসার হেফজখানার নিয়মিত ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দা হাতে নিয়ে বাড়ির আঙিনায় থাকা নারিকেল গাছে ডাব পারতে উঠে সিফাত। একপর্যায়ে দা দিয়ে ডাবের ছড়ি কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। মুহূর্তেই পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিফাত। পরে গাছেই আটকে থাকে সিফাতের লাশ।
কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিফাতের মরদেহ গাছ থেকে নামিয়ে আনে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,নিহত সিফাতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।