বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের পাঁচ জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একদিনে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন কৃষক ও দুইজন শিক্ষার্থী। শনিবার দিনের বিভিন্ন সময়ে কুমিল্লা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা: বিকেলে হোমনার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫), জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)। হোমনা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহ: সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়। তারা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)। সংশ্লিষ্ট থানার ওসি মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: বিকেলে আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে। সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফজলুল হক জানান, আহত অবস্থায় আনার আগেই শিশুটি মারা যায়।
গাইবান্ধা: দুপুরে সাঘাটায় বজ্রপাতে কৃষক আব্দুল আজিজ (৪৫) মারা যান। তিনি হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে। সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম: বিকেলে নাগেশ্বরীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব নামে দুজন মারা যায়। বাবলু স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
দিনভর এই বজ্রপাতের ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা সতর্কতার সঙ্গে খোলা মাঠে কাজ না করার পরামর্শ দিয়েছেন।