তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক নিহত হয়েছেন। এসময় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার পর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের তালতলা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত ইজিবাইক চালক আবদুর রহিম বিশ্বাস (৬০) ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মৃত
ইসমাইল বিশ্বাসের ছেলে। অপর আরোহী ফুলতলার জুগ্নিপাশা গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রহিমা বেগম (৬৫)।
প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, দুর্ঘটনার পর ইজিবাইক চালক ও আরোহীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালককে আটক করা যায় নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।