মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকাল ৪টায় লোহাগাড়া সদর বটতলী বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৯ জন দোকানদারকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
প্রশাসনের এই উদ্যোগ জনমনে স্বস্তি ও আস্থার সঞ্চার করেছে। রমজানের পবিত্রতা রক্ষায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লোভীদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা একদিকে যেমন প্রশংসনীয়, তেমনি সতর্কবার্তাও বটে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সচেতন মহলের প্রত্যাশা—সৎ ব্যবসায়ীরা স্বচ্ছতা বজায় রাখবেন এবং অসাধু চক্র বুঝে নেবেন, আইনের চোখে কেউই ঊর্ধ্বে নন।