বগুড়া সংবাদদাতা | বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন একটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মহির উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোজাম ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বিকেলে বাড়ি থেকে বের হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।