সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে ধ্বংসাবশেষের আঘাতে একজন এশীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে ইরানের এই ‘নির্লজ্জ’ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবুধাবির একটি আবাসিক এলাকায় পড়লে সেখানে বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়।
আমিরাত সরকার এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, এই নজিরবিহীন উত্তেজনার বিপরীতে নিজেদের ভূখণ্ড, নাগরিক এবং জাতীয় সম্পদ রক্ষায় আমিরাত যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে। দেশটির সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে, আবুধাবির পাশাপাশি দুবাই থেকেও একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতিতে আমিরাত কর্তৃপক্ষ সাধারণ জনগণকে গুজব এড়িয়ে কেবল রাষ্ট্রীয় নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুরো দেশজুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।