ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করতে রাজধানী তেহরানের রাজপথে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। রোববার (১ মার্চ) ভোর হওয়ার সাথে সাথেই দেশটির বিভিন্ন প্রান্ত থেকে সরকারপন্থী জনতা মিছিল নিয়ে শহরের কেন্দ্রস্থলে সমবেত হতে শুরু করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের বিখ্যাত রেভোলিউশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। শোকাতুর জনতাকে ইরানের জাতীয় পতাকা ওড়াতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মৌন মিছিল করতে দেখা যায়। এসময় অনেকের কণ্ঠে শোকগাঁথা শোনা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-র ফুটেজে দেখা যায়, হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে সমবেত ইরানিরা ক্ষোভ উগরে দিচ্ছেন। সেখানে উপস্থিত জনতা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে যেমন শোকের ছায়া দেখা গেছে, তেমনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভও লক্ষ্য করা গেছে।
খামেনির প্রয়াণে পুরো তেহরান জুড়ে এখন এক থমথমে এবং আবেগঘন পরিবেশ বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, রাজপথের এই বিশাল জনসমাগম দেশটির বর্তমান পরিস্থিতির জটিলতাকে আরও স্পষ্ট করে তুলছে।