টেলিগ্রাফ রিপোর্ট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক যৌথ হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যৌথ বাহিনীর এই ভয়াবহ হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সি আরও নিশ্চিত করেছে যে, খামেনির একজন পুত্রবধূও ওই একই হামলায় প্রাণ হারিয়েছেন। এই অপূরণীয় ক্ষতিতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
হামলাটি কেবল খামেনির পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সিবিএস নিউজের এক প্রতিবেদনে গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রায় ৪০ জন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা এই অভিযানে নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ইরানের বিপ্লবী গার্ডের প্রভাবশালী কমান্ডার এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রীও রয়েছেন বলে দাবি করা হয়েছে।
খবর অনুযায়ী, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই সুপরিকল্পিত অভিযানে ইরানের নেতৃত্বস্থানীয় পর্যায়ে বড় ধরনের আঘাত হানা হয়েছে। তবে এই কর্মকর্তারা সবাই একটি নির্দিষ্ট স্থানে সমবেত ছিলেন নাকি একাধিক স্থানে আলাদা হামলায় নিহত হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো ইরানজুড়ে এখন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির পরবর্তী নেতৃত্ব এবং এই হামলার পাল্টা প্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা।