সীতাকুন্ডু সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় শ্রমিক ও যুবকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শিশুটি উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে ইকোপার্কের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সড়কের ব্লকের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, জঙ্গল থেকে একটি রক্তাক্ত শিশু টলতে টলতে রাস্তার দিকে এগিয়ে আসছে।
শ্রমিকরা এগিয়ে গিয়ে দেখতে পান, শিশুটির গলার শ্বাসনালী কাটা এবং তার শরীর রক্তাক্ত। পরনের কাপড়ও রক্তে ভেজা ছিল এবং নিচের অংশে কোনো পোশাক ছিল না। দ্রুত তারা কাপড় দিয়ে গলার ক্ষতস্থান বেঁধে একটি ট্রাকে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানান, শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর। তার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সে ধর্ষণের শিকার হয়েছে।
তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটিকে কুমিরা এলাকা থেকে তুলে আনা হয়েছিল।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। শিশুটি ইশারায় বোঝানোর চেষ্টা করেছে যে, অপরাধীকে সামনে দেখলে সে চিনতে পারবে।