এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভোলাহাট উপজেলাে সরকারী জলাশয় বৈধভাবে লিজ নেওয়ার পর দুষ্কৃতিকারীদের চক্রান্তে চেতনানাশক প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার বিলভাতিয়া বিলের ‘তিয়োরবান’ নামের জলাশয়টি দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি ৬ বছরের জন্য বৈধভাবে লিজ নেয়। গত ১৮ মার্চ ২০২৬ দিবাগত রাতে একদল দুষ্কৃতিকারী পুকুরের জোগানদার আব্দুর রাকিবকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুকুরে চেতনানাশক ট্যাবলেট প্রয়োগ করে বলে অভিযোগ রয়েছে।
এতে চারটি পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়া হয় এবং অন্য পুকুরগুলোতে থাকা মাছ মারা যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার দেশীয় প্রজাতির মাছের ক্ষতি হয়েছে বলে জানান ইজারাদারের সহকারী মো. টনি খান।
ঘটনার পরদিন ১৯ মার্চ সকালে বিলে কাজ করতে আসা স্থানীয় কৃষকেরা আব্দুর রাকিবকে উদ্ধার করেন। পরে ঘটনাটি ইজারাদার ও স্থানীয়দের জানানো হলে বিষয়টি প্রকাশ পায়।
স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেন, তারা সরকারকে টাকা দিয়ে বৈধভাবে জলমহাল লিজ নেওয়ার পরও দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে ক্ষতিসাধন করেছে। তারা ক্ষতিপূরণ ও ঘটনার বিচার দাবি করেছেন।
এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিক জানান, অভিযুক্তদের সঙ্গে কথা হয়েছে। তারা ক্ষতিপূরণ দিলে সমঝোতার বিষয়টি বিবেচনা করা হবে, অন্যথায় মামলার কার্যক্রম চলবে।