কামরুল ইসলাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৮ মার্চ) পরিচালিত এই অভিযানে তবলছড়ি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। পরে পুলিশের ধাওয়া দিয়ে কাপ্তাই থানা এলাকা থেকে মো. সুমন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন কাপ্তাইয়ের জেটিঘাট এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তিনি একটি আন্তঃথানা মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
এই অভিযানটি পরিচালিত হয় মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায়। এতে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন। পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন।
উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের জানমাল রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।