হিলি সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দিনাজপুরের হিলিতে ২২ দিনের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ এবং তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটেছে হিলি এলাকার চুড়িপট্টি গ্রামে। স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা জোগাড় করার উদ্দেশ্যে শিশুটির হাত কেটে এবং পা পুড়িয়ে তাকে প্রতিবন্ধী বানানোর চেষ্টা করা হয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শিশুটিকে উদ্ধার করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিশুটির মা খাদিজা ও বাবা সাগর। তাদের দাবি, ঘরের মধ্যে কয়েলের আগুনে শিশুটির হাত-পা পুড়ে গেছে। পরে কাটা হাতের অংশ বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলেও তারা জানান।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, শিশুটিকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এ বিষয়ে জাকির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, হাকিমপুর থানা জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসার সব ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় হতবাক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।