আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা, ১ এপ্রিল ২০২৬: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে এই কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এ সময় জেলা পর্যায়ের কর্মকর্তারা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা এবং প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অনলাইনে যুক্ত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতিহার অনুযায়ী তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় দেশজুড়ে এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হলো।
সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, কর্মসংস্থান বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ফ্রিল্যান্সিংসহ আধুনিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, ফ্রিল্যান্সারদের জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হয়েছে, যেখানে প্রশিক্ষণার্থীদের প্রোফাইল, আয় এবং অগ্রগতির তথ্য সংরক্ষণ করা হবে।
১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলমান এই ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন অংশগ্রহণ করছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস যুবরা এই সুযোগ পেয়েছেন। জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে।
এ পর্যন্ত পাঁচটি পর্যায়ে মোট ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে ৬০ শতাংশ ইতোমধ্যে দেশি-বিদেশি মার্কেটপ্লেসে কাজ করছেন। তাদের মোট আয় প্রায় ১৮ লাখ ৪৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার বেশি।
প্রশিক্ষণার্থীদের দৈনিক ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সফট স্কিল এবং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং।
প্রশিক্ষণার্থীদের জন্য যাতায়াত ভাতা, খাবার এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত পরিদর্শন করছে।
মানিকগঞ্জ জেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান, সহকারী পরিচালক মিসেস রুমানা জেরিন সরকার এবং কোর্স কো-অর্ডিনেটর সাহাবুদ্দিন সবুজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।