ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ইংরেজি ভাষা শেখাতে উপ-সচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের প্রায় সাড়ে ৩৫০ কর্মকর্তাকে থাইল্যান্ডে পাঠানোর একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রস্তাবিত এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, দেশের কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণে আগ্রহ কম থাকায় বিদেশে প্রশিক্ষণের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন এবং এটি অনুমোদনের জন্য আসন্ন একনেক সভায় উপস্থাপন করা হতে পারে।
প্রশিক্ষণ কেন্দ্রটি থাইল্যান্ডের একটি পর্যটননির্ভর অঞ্চলে অবস্থিত, যা পাতায়া শহর থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
তবে অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, রাজনীতি ও আমলাতন্ত্রে শুদ্ধাচার ও সদিচ্ছা না থাকলে কোনো উদ্যোগই কাঙ্ক্ষিত ফল দেবে না।
অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন সচিব যদি ইংরেজি শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে তার যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে। তার মতে, প্রয়োজন হলে দেশে বসেই ইংরেজি শেখা সম্ভব।