জ্বালানি তেল কেনাবেচায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে একটি অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদুর রহমান জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে জ্বালানি ক্রয়ের তথ্য সংরক্ষণ করা হবে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, অ্যাপ ব্যবহার করে কে কখন এবং কত পরিমাণ জ্বালানি কিনছেন, তার বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকবে। এতে অবৈধ মজুত ও পাচার নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো তা সমন্বয় করা হয়নি। তবে আগামী মাসে মূল্য সমন্বয় হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ রয়েছে। তবে দীর্ঘ লাইনের মতো বড় সংকট নয়, বরং অবৈধ মজুত ও পাচারের কারণেই সীমিত সংকট তৈরি হয়েছে।
এ সময় নগর পরিবহনে অটোরিকশার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, এসব যানবাহনের ফিটনেস ও চালকদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ কারণে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার।
অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরিকল্পনা সরকারের নেই।
দুর্নীতির বিষয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এজন্য দূর্ণীতি দমন কমিশন পুনর্গঠনের পর কার্যক্রম জোরদার করা হবে।
স্বাস্থ্য খাতের প্রসঙ্গে তিনি বলেন, হামের টিকা সংকট বর্তমান সরকারের নয়, বরং আগের সরকারের গাফিলতির কারণে তৈরি হয়েছে। ইতোমধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারা দেশে এই কর্মসূচি চালু করা হবে।