নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাগাছিয়া নদীর মুল্লি খালের ভারানির মুখ এলাকায়এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে আতিয়ার রহমান (৬২)।
আহত ব্যক্তি বলেন, জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। কাঁকড়া ধরে ৬ দিন পর বাড়ি আসতেছিলাম। বাড়ি আসতে যেয়ে মুল্লির খাল এলাকা আসলে একদল ডাকাত আমাদের ডাকে। আমরা শুনতে না পাওয়ায় তারা ৩/৪ টা গুলি করে। অনেক দূরে হওয়ায় গুলি আমাদের গায়ে লাগেনি। নৌকা ধরলি ৫০ হাজার টাকা দিতে হবে। ভাবলাম বাইরে রইছি গুলি এতো দূর আসবে না বলে একটু চেপে বেয়ে চলে আসছিলাম। তখন এসে গুলি লাগে। ঐ অবস্থা বেয়ে ফরেস্ট অফিসে আসি। তারপর সেখান থেকে হসপিটালে নিয়ে আসে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান নামের এক জেলে আমাদের অফিসে আসলে, তাৎক্ষণিক আমরা তাকে চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার সাকির হোসেন বলেন, গুলিবিদ্ধ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।