সাতক্ষীরা ও কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ওষুধ, মাদক ও বিড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে কয়েক লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি। সংস্থাটির তথ্যমতে, ঘোনা ও কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক দুটি স্থানে অভিযান চালায়। এর মধ্যে সদর উপজেলার আমবাগান এলাকা এবং কলারোয়ার গেড়াখালি এলাকা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, উদ্ধার করা ওষুধগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
অন্যদিকে, কুষ্টিয়া সীমান্তেও পৃথক অভিযানে মাদকদ্রব্য, সিরাপ ও ভারতীয় বিড়ি জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্র জানায়, জামালপুর বিওপির আওতায় জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সকালে তেঁতুলবাড়ী বিওপির খাসমহল এলাকা থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এছাড়া শনিবার ভোররাতে শেওড়াতলা বিওপির কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকা থেকে ১০০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকা থেকে ২ হাজার ৪০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।