ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্থানীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)।
৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ জয়ধরসহ তিন যুবক মাদক আনতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার বাসিন্দা সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০) সীমান্ত পেরিয়ে ভারতের চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
এ সময় স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে সুপারি বাগানে অবস্থানরত অবস্থায় ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি আরও জানায়, নিহতসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।