ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি যেহেতু এই সনদে স্বাক্ষর করেছে, তাই এর প্রতিটি ধারা বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং পরে জনসভায় অংশ নেন।
তারেক রহমান বলেন, জুলাই সনদে স্বাক্ষরের জন্য যখন আহ্বান জানানো হয়, তখন বিএনপিই প্রথম সাড়া দেয় এবং সনদে স্বাক্ষর করে। তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল শুরুতে এতে অংশ নেয়নি, বরং পরে গিয়ে সই করেছে।
তিনি বলেন, “যারা পরে সই করেছে, তারা এখন সনদ নিয়ে বেশি কথা বলছে—তাদের প্রশ্ন করা যেতে পারে, শুরুতে কেন তারা এগিয়ে আসেনি।”
প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবেই সনদ বাস্তবায়ন করা হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন জনমুখী কর্মসূচি—যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগ—যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “স্বৈরাচারের ভূত কার ওপর ভর করছে, কারা দেশে অরাজকতা তৈরি করতে চায়—সেগুলো নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”