ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নীলফামারী ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের চাপায় দুই সহোদর নিহত হন। নিহতরা হলেন সিহাব হোসেন (১৯) ও তার ছোট ভাই সোয়াদ (৬)। তারা সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা টেক্সটাইল বাজার থেকে হাঁটাপথে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয় আরেক শিশু মো. হোসেন (১০), যাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ট্রাকচালক পালিয়ে গেছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার শিশুপুত্র নিহত হন।
নিহতরা হলেন রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)। তারা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার ছেলে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা-মা এবং অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।