মাগুরা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাগুরা সদরে একটি সেলুনে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল নামে এক যুবক আগে থেকেই সেলুনে চুল কাটার জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় সোহাগ নামে আরেক ব্যক্তি জরুরি কাজের কথা উল্লেখ করে আগে চুল কাটার অনুরোধ জানান। তবে সেলুন কর্মী আগে আসার ভিত্তিতে জুয়েলের সিরিয়াল অগ্রাধিকার পাবে বলে জানান।
পরে জুয়েলকে সিরিয়াল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি তাতে সম্মত হননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন লুৎফর শেখ, সোহাগ, উকিল মোল্লা, কাদের মোল্লা, জুয়েল মোল্লা ও আরাফাত। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুন-উর-রশীদ জানান, আহতদের মধ্যে লুৎফর শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আশঙ্কামুক্ত।
এদিকে, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।