বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় সরকারি বিধিমালা লঙ্ঘন ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক দুটি অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল সড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল বারী ফিলিং স্টেশন’-এ তল্লাশি চালানো হয়। সেখানে সরকারি নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্দেশে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
এরপর খলশি গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি অনুমতি ছাড়াই মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্থানীয় আবুল কাশেম এবং ভেকু চালক বায়েজিদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বায়েজিদ হোসেন মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে ইউএনও ভুপালী সরকার জানান, জনস্বার্থ রক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।