শালিখা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাগুরার শালিখা উপজেলায় এক তরুণীকে অপবাদ দিয়ে চুল কেটে, মারধর করে এবং ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী তরুণী ঘর থেকে বের হয়ে এ ঘটনা জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মিম (২০)-এর সঙ্গে প্রায় এক মাস আগে সাত্তর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী কর্মসূত্রে মাদারীপুরের একটি ইটভাটায় অবস্থান করছেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিমের বিরুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করার অপবাদ তোলেন শ্বশুরবাড়ির সদস্যরা। এ অভিযোগের জেরে তার শ্বশুর সামসুল মন্ডল, ভাসুর উজ্জল গাফ্ফার এবং শাশুড়ি রোকেয়া তাকে জোর করে বাড়িতে নিয়ে যান। পরে তারা তার মাথার চুল কেটে দেন, মারধর করেন এবং একটি ঘরে আটকে রাখেন।
পরদিন বুধবার দুপুরে সুযোগ পেয়ে মিম ঘর থেকে বের হয়ে স্থানীয়দের কাছে বিষয়টি জানান। এরপর স্থানীয়রা পুলিশ এবং তার স্বজনদের খবর দেন।
খবর পেয়ে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মিম অভিযোগ করেন, মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাশুড়ি রোকেয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।