কুষ্টিয়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় নিজ আস্তানায় হামলায় নিহত আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিম জাহাঙ্গীরহত্যা মামলায় ২জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২ টার দিকে ফিলিপনগর এলাকায় দৌলতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে এ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম দক্ষিন ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৫) ও রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৪)।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, রোববার দিবাগত রাতে ফিলিপনগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব ও আলিফ নামের ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ফরজ আলী নামের একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ফরজ আলী নামের ঐ ব্যক্তিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শামিম জাহাঙ্গীর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার একাধিক ভিডিও ফুটেজ ও প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছালে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার
আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার বিকালে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য গত (১১ এপ্রিল) শনিবার দুপুরে আস্তানার পীর শামিম জাহাঙ্গীর কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। নিহত শামিম জাহাঙ্গীর ঐ আস্তানা গড়ে তোলেন এবং এলাকায় কালান্দার বাবা শ্রী শামিম জাহাঙ্গীর হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তার ৩ অনুসারীও আহত হন।
এরপর গত (১৩ এপ্রিল) সোমবার রাতে দৌলতপুর থানায় নিহত শামিম জাহাঙ্গীর এর বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে জামায়াত নেতা সহ ৪ জনের নাম উল্লেখ করে ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।