নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের চকরিয়ায় এক পরিবারের ছয় ভাইয়ের মৃত্যুতে প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও, তদন্তে সেটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে চারজন এবং পরে হাসপাতালে আরও দুই ভাই মারা যান। আহত হন পরিবারের আরও সদস্যরা।
প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হলেও, পরবর্তী তদন্তে পিবিআই জানতে পারে—চালক প্রথম ধাক্কার পর গাড়ি থামিয়ে আবার পিছিয়ে আহতদের ওপর চাপা দেন এবং পরে সামনে এগিয়ে আরও মানুষকে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পিবিআইয়ের তদন্তে বলা হয়, এই ধারাবাহিক আচরণই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করার ভিত্তি তৈরি করে।
ঘটনার পর চালককে গ্রেফতার করা হয় এবং পরে পিকআপের মালিককেও আটক করা হয়। তদন্ত শেষে চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ছাড়াও দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালত মামলার রায়ে চালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। অন্য অভিযুক্তদের বিচার এখনও চলমান রয়েছে।
পিবিআই বলছে, এই ঘটনা দেখিয়েছে—যে কোনো ‘সাধারণ’ সড়ক দুর্ঘটনার আড়ালেও পরিকল্পিত অপরাধ লুকিয়ে থাকতে পারে, যা সঠিক তদন্ত ছাড়া উদঘাটন সম্ভব নয়।