নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আকসেদ গাজীর ছেলে আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে সুন্দরবনে বনকর্মীদের গুলিতে হয়ে নিহত হওয়ায় অভিযোগ জেলেরা। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সঙ্গে থাকা জেলেরা। পরবর্তীতে তার সঙ্গীরা লাশ নিয়ে এলাকায় ফেরে।
বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বিকাল ৩টার দিকে লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘেরাও করে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় ফরেস্টার শেখ মো: ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো: মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান (২৭) আহত হয়। সকলে হসপিটালে ভর্তি করা রয়েছে।
এসময় খবর পেয়ে নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের বিজিবির লে: কমান্ডার ফরিদুল ইসলাম ও সহকারী পরিচালাক নুর হোসেনের নেতৃত্বে ৩০ জনের একটি দল পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল কার্যক্রম অব্যহত রয়েছে। এখন পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজিবির এই টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, হামলার বিষয় আচ করতে পেরে তারা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌ-পুলিশকে আগেই অবহিত করেছিলেন। পরে বিজিবি, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ওসি এসে নিহত ব্যাক্তির পরিবারের সাথে কথা বলে নিহত ব্যাক্তির বডি ময়নাতদন্তের জন্য শ্যামনগর থানার উদ্দেশ্যে নিয়ে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান, গুলিতে এক বনজীবী নিহতের ঘটনায় উপকুলীয় এলাকায় বসবাসরত বনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে কিছু অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম অব্যহত রয়েছে।