মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুই টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) মাগরিবের পর উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনারমোড় এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আকিব (২০) ও কাইয়ুম শরীফ (১৯)। তাঁদের মধ্যে আকিব বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে এবং কাইয়ুম শরীফ চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর পৃথক সময়ে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আহত আকিবকে রাত ৮টার দিকে এবং কাইয়ুম শরীফকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
তবে কী কারণে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে কিংবা এ ঘটনার সঙ্গে কারা জড়িত—সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে লোহাগাড়া থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।