নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় জুয়া খেলার সময় নগদ ৪৯ হাজার ৭৩০ টাকাসহ দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন কৌশলে পালিয়ে যান।
আটককৃতরা হলেন শার্শা উপজেলার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সামাউল ইসলাম (৩৫) ও সেলিম রহমান (৩৭)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে এই বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ১টি মাদুর ও ৫২টি তাস জব্দ করা হয়েছে। আটকের সময় সামাউল ও সেলিমের কাছ থেকে নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “জুয়া খেলার অপরাধে আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।”