নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সদস্য মুন্না বিশ্বাসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আটকের পর বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুন্না বিশ্বাস সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে। অভিযোগ রয়েছে, তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারিকুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করে। এছাড়া তারা কার্যালয়ে থাকা ব্যানার, পোস্টার ও আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট চালায়।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্না বিশ্বাসকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।