অভয়নগর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও তিনজনকে অজ্ঞাত আসামি করে অভয়নগর থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত ১৬ জুলাই রাতে এক তরুণ ও এক তরুণী ইজিবাইকে করে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা এলাকায় ঘুরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে মারধর, ইজিবাইক ছিনিয়ে নেওয়া এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ।
এজাহারে বলা হয়েছে, সঙ্গে টাকা না থাকায় তরুণকে বাসা থেকে টাকা আনতে পাঠানো হয়। ওই সময় তরুণীকে জোরপূর্বক আটকে রাখা হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে শংকরপাশা গ্রামের একটি দোকানের পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন তরুণ ফিরে এসে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর ১৭ জুলাই রাতে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলায় নাম থাকা ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আরজান গাজী, হাসান মোড়ল, সাজ্জাদ সরদার, সাজিদ হোসেন, মামুন গাজী ওরফে ভুট্টো গাজী এবং শফিক মোল্যা। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এদিকে ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।