নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (২০ জুলাই, ২০২৬), দুপুর ১টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।
নিহতরা হলেন—যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের উষা (৩০)। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। রুদ্রপুর-গোগাগামী সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম বলেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রাক্টরসহ এর চালককে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।”