নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৫ আগস্ট), রাত ৯টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি এই উড়োজাহাজ সংস্থাটি সপ্তাহে তিন দিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে।
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের আকাশপথের যোগাযোগ সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যশোর অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। যাত্রীদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, “আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে শনিবার, বুধবার ও বৃহস্পতিবার দুটি করে মোট ছয়টি ফ্লাইট চালানো হবে। এই রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।”
নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি ফ্লাইট দিন সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে সোয়া ১০টায় যশোরে পৌঁছাবে এবং পৌনে ১১টায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া প্রতিদিন দ্বিতীয় ফ্লাইটটি বিকেল পৌনে ৫টায় ঢাকা থেকে ছেড়ে সাড়ে ৫টায় যশোরে পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আরও জানান, ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ওয়ানওয়ে ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল। পদ্মা সেতু চালুর পর সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় আকাশপথে যাত্রী কমে গেলে এক পর্যায়ে সংস্থাটি এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।