নজরুল ইসলাম, যশোর
বুধবার (২৬ আগস্ট), দুপুর ১টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। তার স্বামী সোহেল কাজী চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্রশিক্ষক হিসেবে কর্মরত। তারা মোটরসাইকেলে নড়াইল থেকে শৈলকুপার বড়দাহ এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, “দুর্ঘটনার পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।”
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ও সড়ক অবরোধ করেন। এতে বাইপাস সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”