নিউজ ডেস্ক
শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ৫৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার পাঁচজন নিহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন, কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল চালক ও পথচারীসহ দুইজন এবং বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হন।
গাজীপুরের কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।”
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সকালে বাতিসা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিকে ধাক্কা দিলে আবদুর রহমান নামের এক চালক নিহত হন। এছাড়া একই এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবুল হাশেম নামের এক পথচারী প্রাণ হারান।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
অন্যদিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকায় আজ বিকেল ৪টার দিকে ট্রাকচাপায় সিরাজুল হক খান নামের এক মোটরসাইকেল চালক নিহত হন। নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি চালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।