মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (৭ সেপ্টেম্বর) ২০২৬, বিকেল ৫টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ার ইসহাক মিয়া সড়কের পাশের নালা দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
উপজেলার চুনতি শাহ সাহেব গেটসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে পুটিবিলা ইউনিয়নের এমচরহাট পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি চুনতি ও পুটিবিলা ইউনিয়নের ১৬টি গ্রাম ও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়কটি বান্দরবানের লামা উপজেলার সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এছাড়া চুনতি শাহ সাহেব মাজার, জেতবন বৌদ্ধবিহার, লোকনাথ আশ্রম ও চাম্বি রাবার ড্যাম প্রকল্পের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির বিশেষ গুরুত্ব রয়েছে।
স্থানীয়রা জানান, সড়কটি চুনতি ও পুটিবিলা ইউনিয়নের মৌলানাপাড়া, জেতবন বৌদ্ধবিহার বড়ুয়া পাড়া, সাতের আগা, বড় ঘোনা, পাঠিয়াল পাড়া, নোয়াপাড়া, পুরানপাড়া, মাঝিরপাড়া, পানত্রিশা, উত্তর পানত্রিশা, নারিশ্চা, নারিশ্চা বড়ুয়া পাড়া, মাস্টারপাড়া, কুড়িক্যাপাড়া, কোলারপাড়া ও দক্ষিণ হরিণাপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের পথ। মরহুম মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বাচ্চু তাঁর পিতার নামে সরকারি বরাদ্দে সড়কটি নির্মাণ করেন।
স্থানীয় পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবছার উদ্দীন বলেন, “লাখ টাকার বাগান খাইলো এক টাকার ছাগলে!” তিনি আরও বলেন, সামান্য সচেতনতা ও নিয়মিত নালা পরিষ্কারের উদ্যোগ নিলেই গুরুত্বপূর্ণ এই সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কের পাশের নালা পরিষ্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।