
নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ২১শে ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সন্নিকটস্থ কাঁচড়াহাটী এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তল উদ্ধার করা হয়। ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। ইতিপূর্বে অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মোঃ ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষনা দেন তিনি।