কালিয়াকৈর প্রতিনিধি। গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি মারা যান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত রনি শিকদার (২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ছিলেন। ঈদের ছুটি নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি শিকদার তার মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে একটি অটোরিকশা উল্টো পথে এসে তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।