উখিয়া প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল দশটার দিকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছে পশ্চিম পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), তার চাচাতো ভাই আবদুল মান্নান এবং বোন শাহীনা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে তার চাচাতো ভাই আবদুল মান্নানের দীর্ঘদিন ধরে মাত্র ১৪ কড়া জমি নিয়ে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে মাওলানা মামুন ওই জমিতে কাজ করতে গেলে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত মাওলানা মামুনকে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, আহত আবদুল মান্নান ও শাহীনা বেগমকে পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।
ওসি আরিফ হোসেন আরও জানান, সংঘর্ষে আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।