বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপসহ বিভিন্ন নিম্নাঞ্চল শুক্রবার (১৯ জুলাই) দুপুর থেকে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে। ফলে বহু ঘরবাড়ি, রাস্তা, খামার ও পুকুর পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের ঘেরের মাছ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে জোয়ারের পানি বাড়তে শুরু করে। এতে নামার বাজার, বন্দরটিলা, চর আবদুল্লাহসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। চলাচলের প্রধান সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায়, শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়ায় অনেক পরিবার তাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও প্রশাসনের পক্ষ থেকে তা যাচাইয়ের কাজ চলছে।
নিঝুম দ্বীপ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন বলেন, “জোয়ারে দ্বীপের সব পুকুর, খামার আর রাস্তাঘাট পানির নিচে। এমনকি বসতঘর ও কৃষিজমিও তলিয়ে গেছে।”
আরেক বাসিন্দা আজগর উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবছর জোয়ারে ঘরবাড়ি, গবাদিপশু, দোকান ও ফসলের ক্ষতি হয়। অথচ এখনো কোনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি। আমরা ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান। এটা করুণা নয়, আমাদের অধিকার।”
পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসন সাময়িকভাবে হাতিয়া-চট্টগ্রাম ও হাতিয়া-নোয়াখালী নৌরুটে সব ধরনের লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী বেগম জানান, “প্রায় পুরো ইউনিয়নই প্লাবিত। তবে বিকেলের দিকে পানি একটু কমেছে।”
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “জোয়ারে দ্বীপের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠে কাজ চলছে।”