চট্টগ্রামের মীরসরাইয়ে একটি ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে—এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাবার খেয়ে ফেলেছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত দুটি কমিউনিটি সেন্টার—ফাইভ স্টার ও সোনালী—তে একই সময়ে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত বরযাত্রীদের একটি দল ভুল করে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে ঢুকে পড়েন এবং সেখানে উপস্থিত থেকে মধ্যাহ্নভোজ সারেন।
ঘটনাটি নিয়ে তেমন কোনো উত্তেজনা তৈরি হয়নি। বরং বিষয়টি হাস্যরস ও সৌহার্দ্যপূর্ণভাবেই নিয়েছেন সংশ্লিষ্টরা।
ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক দলের সদস্য তাসিব তানজিল বলেন, “তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। আলহামদুলিল্লাহ।”
স্থানীয় বাসিন্দা রবিউল সুমন জানান, সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। তবে বরযাত্রীরা ভুল করে পাশে ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য পক্ষের খাবার খেয়ে ফেলেন।
ঘটনাটি এলাকায় হাস্যরসের জন্ম দিলেও এর মাধ্যমে সৌহার্দ্য ও আতিথেয়তার চমৎকার উদাহরণও উঠে এসেছে।