কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নুনখাওয়া ও বামনডাঙা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে মোহাম্মদ বাবলু মিয়া (৭) এবং বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে সহিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে হঠাৎ বজ্রপাত হলে বাবলু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। অপরদিকে একই সময় বামনডাঙা ইউনিয়নের চর লুচনি এলাকায় বজ্রাঘাতে সহিবও নিহত হয়।
স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। পরপর বজ্রপাত শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।