চট্টগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশের কনস্টেবলদের হাতে ভারি অস্ত্র এসএমজি দেখা গেছে। এ ঘটনায় নগরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলে। বিভিন্ন চেকপোস্টে কনস্টেবলদের হাতে সাধারণ শটগান বা রাইফেলের বদলে দেখা যায় সাবমেশিন গান (এসএমজি)।
সিএমপি সূত্রে জানা যায়, লকডাউন চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে সিএমপি কমিশনার হাসিব আজিজ এক বেতার বার্তায় নির্দেশ দেন—অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ার করতে। ওই নির্দেশনার পরই কনস্টেবলদের হাতে এসএমজি দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিএমপি কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, “নগরবাসীর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”
তিনি আরও জানান, নগরীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, রাত্রীকালীন টহল জোরদার এবং সন্দেহজনক কোনো ঘটনা দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানানো হয়েছে।