মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরীর আদালত এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আবু বক্কর (৬২)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৩৮)। তিনি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, আবু বক্কর ও রেজিয়া খাতুন উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে আবু বক্কর মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে রেজিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে আবু বক্কর তার পরনের শার্ট দিয়ে রেজিয়ার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে রেখে তাঁর প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলেকে ফোন করে বিষয়টি জানান। পরদিন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।